পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের নেতৃত্বে পটিয়ায় বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পটিয়ার প্রধান প্রধান সড়ক জনসমুদ্রে রূপ নেয়।
শনিবার বিকেলে পটিয়া পৌরসভা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক এনাম বলেন,
“পটিয়ার মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার অবসান ঘটাতে এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে জনগণ। ইনশাআল্লাহ, বিজয় সুনিশ্চিত।”
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত পটিয়া গড়াই তার প্রধান অঙ্গীকার।
মিছিলে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, এনামুল হক এনামের জনপ্রিয়তায় ভোটের মাঠে ধানের শীষ দিন দিন আরও শক্ত অবস্থান তৈরি করছে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।