নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৪৩২ বাংলা বর্ষবিদায় ও ১৪৩৩ বঙ্গাব্দ বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়েছে। সোমবার দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন হয় উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে অংশ নেয় বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও শিল্পপ্রেমীরা।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম, সদস্য সচিব নাছির উদ্দিন, সমন্বয়ক মাস্টার শ্যামল দে এবং উপদেষ্টা সদস্য ও সিডিএ বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, নুর হোসেন,শফিউল আজম,রবিউল আলম ছোটন,আবদুল্লাহ আল নোমান,দীপক শীল ও অমিত চক্রবর্তীসহ অনেকে।
বর্ষবিদায় ও নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত এ উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান, নাট্য পরিবেশনা, কবিগান, পাপেট শো, নৃত্য, কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত পরিবেশনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং গুণীজনদের সম্মাননা প্রদান।
পাশাপাশি আয়োজিত হয়েছে ১০ দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, যা ইতোমধ্যে দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে। মেলায় কুটির শিল্পের বিভিন্ন পণ্য, হাতে তৈরি সামগ্রী, নাগরদোলা এবং গ্রামীণ সংস্কৃতির নানা উপস্থাপনা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
আয়োজকরা জানান, এ উৎসবের মূল লক্ষ্য হলো বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করা। তারা আশা করছেন, এই আয়োজন পটিয়া অঞ্চলে একটি সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসব ঘিরে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণে পটিয়া এখন যেন এক প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র।