নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়া এলাকায় পুলিশের টহল দল সন্দেহের ভিত্তিতে কানু বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পরে দণ্ডবিধির ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে বলে জানা গেছে। তবে পরিবারের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।
পরিবার ও স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিতি বা সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের বশে তাকে আটক করা হয়। তারা বলেন, “কানু বিশ্বাস একজন সাধারণ ও নিরীহ মানুষ। তিনি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। ভুল বোঝাবুঝি বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।
তারা আরও জানান, আটক হওয়ার পর তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে, যা তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে।
ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট উত্তম বলেন, আইন অনুযায়ী ১৫১ ধারায় কাউকে আটক করতে হলে সম্ভাব্য অপরাধ সংঘটনের সুস্পষ্ট আশঙ্কা থাকতে হয়। কিন্তু এই ক্ষেত্রে তেমন কোনো দৃশ্যমান প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ উপস্থাপন করা হয়নি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একজন নিরীহ ব্যক্তিকে আটক করে আদালতে প্রেরণ করা ন্যায়বিচারের পরিপন্থী।
তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে সঠিক তদন্ত ও নিরপেক্ষ বিচার হলে কানু বিশ্বাসের নির্দোষিতা প্রমাণিত হবে বলে আমরা আশাবাদী। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পরিবার ও স্বজনরা বলেন, সঠিক তদন্ত হলে তার নির্দোষিতা প্রমাণিত হবে এবং প্রকৃত দোষীরা চিহ্নিত হবে।
যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।