পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকায় বর্ষা মৌসুমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত মরা খালগুলো পুনঃখননের কাজ শুরু হয়েছে।
পৌরসভার উদ্যোগে শুরু হওয়া এ খনন কার্যক্রম ইতোমধ্যে স্থানীয়দের মাঝে স্বস্তির আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা জানান, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল, ফলে বর্ষা এলেই তৈরি হতো তীব্র জলাবদ্ধতা।
এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফারহানুর রহমান বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আমরা পরিকল্পিতভাবে মরা খালগুলো খনন করছি। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি। পর্যায়ক্রমে পৌর এলাকার সব গুরুত্বপূর্ণ খাল পরিষ্কার ও পুনঃখনন করা হবে।
স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই আমাদের এলাকায় হাঁটু পানি জমে যেত। চলাচল করতে খুব কষ্ট হতো। এখন খাল খনন শুরু হওয়ায় আশা করছি সমস্যা কিছুটা হলেও কমবে।
অন্যদিকে গৃহিণী রোকেয়া বেগম জানান, জলাবদ্ধতার কারণে ঘরের ভেতরেও পানি ঢুকে পড়তো। বাচ্চাদের নিয়ে খুব ভোগান্তিতে থাকতে হতো। পৌরসভার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, দ্রুত সময়ের মধ্যে খনন কাজ শেষ করে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে আসন্ন বর্ষা মৌসুমে নাগরিকদের দুর্ভোগ কমানো যায়।
ছবির ক্যাপশনঃবর্ষার আগেই পটিয়ায় খাল খনন, দুর্ভোগ কমাতে উদ্যোগ