
পটিয়া অফিস
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।
সোমবার বিকেলে ঢাকা গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। দলীয় মনোনয়নপ্রাপ্ত এনামুল হক এনামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নের গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরে।
জেল জুলুম ও নির্যাতনের পর ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে থাকা এবং মাঠ ছেড়ে না যাওয়ায় সহায়ক ভূমিকা রাখে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করে। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ও দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থী ছিলেন চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে। কিন্তু ব্যাপক জনপ্রিয়তার পর ও প্রতিকূল পরিবেশের কারণে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি। তবে মামলা হামলা ও হয়রানির শিকার হয়েছেন তিনি। এরপর ও তিনি মাঠ ছেড়ে যাননি পটিয়ার তৃণমূলে কাজ করে যান। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্যান্য নেতাদের চেয়েও মাঠপর্যায়ে দলীয় কর্মসূচি ও নানা সামাজিক তৎপরতা ছিল তার চোখে পড়ার মতো। দিন দিন তিনি তার এ কাজের জন্য কর্মী বান্ধব নেতার স্বীকৃতি লাভ করেন। তিনি গতকাল মনোনয়ন লাভের পর তার প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, এ মনোনয়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে আমার কাজের ও ত্যাগের যে স্বীকৃতি দিয়েছে আমি তার জন্য দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দলের নেতাকর্মীদের অনুরোধ জানাচ্ছি কোথাও কেউ কোন ধরনের উল্লাস প্রকাশ করবেন না। কোন ধরনের মিষ্টি বিতরণ করবেন না। কেউ কাউকে উদ্দেশ্য করে কোন আপত্তিকর মন্তব্য করবেন না। তিনি বলেন বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতন জেল জুলুম এর শিকার হয়ে আমাদের অনেক নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া হয়েছেন। ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে তার জবাব দিতে হবে। তিনি সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষ ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, এখন আমাদের দলের সকল নেতাকর্মীদের মধ্যে কোন দূরত্ব বা বিভেদ থাকবে না। সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য একযোগে কাজ করার আহবান জানান।