
নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বহুল আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুকান্ত’কে বান্দরবান জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করছে,র্যাব-১৫ কক্সবাজার ও র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান,গত বছরের ২৫শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং ২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এসময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। পরর্বতীতে আদালত চত্বরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় একটি চেম্বার ভাঙচুর করে। বিক্ষোভের একপর্যায়ে আদালতের বিপরীতে দিকে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার উদ্দেশ্যে বিক্ষোভে অংশগ্রহণকারী চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত এবং তার অন্যান্য সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।
এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুকান্ত বান্দরবান জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ডিসেম্বর) দুপুরে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার বান্দরবান সদর ধানাধীন নীলাচল যৌথ খামার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সুকান্ত (৩০), পিতা-প্রদীপ দত্ত, সাং-পূর্ব বারখাইন, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।