
সৌদি আরবের মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার প্রবাসী মফিজুর রহমানের মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। স্থানীয় সময় গতকাল মক্কার একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মফিজুর রহমান চট্টগ্রামের পটিয়া পৌরসভার মাঝেরঘাটা ৪নং ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের সূত্রে জানা যায়, তিনি পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। তার মৃত্যুতে পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে