
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
অবৈধ মজুদ, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি রোধে কঠোর অবস্থান
জ্বালানি তেল মজুদ, কালোবাজারি ও অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের সীতাকুণ্ডে কঠোর তদারকি জোরদার করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। রবিবার তিনি সীতাকুণ্ড থানার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, পেট্রোল পাম্প ও জ্বালানি তেল সংরক্ষণস্থলে আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি সরেজমিনে যাচাই করেন এবং রেজিস্টার কঠোরভাবে পরীক্ষা করেন। এ সময় কোনো ধরনের গরমিল, অনিয়ম বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় পাম্প মালিক, কর্মচারী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও চালকদের সঙ্গে কথা বলে তিনি স্পষ্টভাবে জানান, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির কোনো সুযোগ দেওয়া হবে না।
পুলিশ সুপার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
“কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কালোবাজারি বা অনিয়মে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
এছাড়া তিনি চট্টগ্রাম জেলার সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেন, নিজ নিজ এলাকায় ২৪ ঘণ্টা পেট্রোল পাম্পে নিয়মিত তদারকি চালাতে হবে। মজুদ, বিক্রয় ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
তিনি আরও বলেন, জ্বালানি তেল সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং কোনো অবস্থাতেই আইন লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না।
জনস্বার্থে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।