
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আউশ মৌসুমকে সামনে রেখে কৃষকদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের এই কর্মসূচির আওতায় উপজেলার ১১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান। এছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, আবুল ফয়েজ, কৃষক দলের দক্ষিণ জেলা সদস্য সচিব মীর জাকের, নাছির উদ্দিন, আলমগীর আলম ও কৃষক জালাল উদ্দীনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইয়াছিন আলী।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার ধারাবাহিকভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে। তিনি কৃষির আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে প্রযুক্তিনির্ভর চাষাবাদ বাড়ানোর আহ্বান জানান এবং কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।