
নিজস্ব সংবাদদাতাঃচ
ট্টগ্রামের পটিয়া উপজেলায় খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত নারী হাসিনা আক্তার (৩২), যিনি একজন প্রবাসীর স্ত্রী—এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও স্বজনরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ৩ নম্বর ওয়ার্ডের শিকলবাহা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারী পুলিশ সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হয়েছে এবং স্রোতে ভেসে এখানে এসে পৌঁছেছে।
নিহত হাসিনা আক্তার কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার মফিজুর রহমানের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী মোহাম্মদ হাসান বর্তমানে ওমানে প্রবাসে রয়েছেন। তাদের দুই ছেলে চকরিয়ার একটি মাদ্রাসায় অধ্যয়নরত।
স্বজনদের দাবি, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে গিয়ে নিখোঁজ হন হাসিনা আক্তার। এরপর দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে পটিয়ায় উদ্ধার হওয়া লাশ দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর লাশটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।