
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকার জলুয়ার দীঘিরপাড়ে বহুল প্রতীক্ষিত পটিয়া মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
শুক্রবার (৫ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করছে। পটিয়া মিনি স্টেডিয়াম নির্মিত হলে এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখে। এই স্টেডিয়াম শুধু পটিয়ার নয়, সমগ্র দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। তিনি বলেন, “পটিয়ার দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই মিনি স্টেডিয়াম বাস্তবায়ন হচ্ছে। এটি এলাকার তরুণদের ক্রীড়া চর্চার আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।”
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে, এতে আরো উপস্থিত ছিলেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, , উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাইনুল আলম ছোটন,পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর,সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,তৌহিদুল আলম,সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ।
বক্তারা বলেন, পটিয়া মিনি স্টেডিয়াম নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামের তরুণদের জন্য আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত হবে এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।