
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২ মে) বিকাল ৪টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার।
ফাইনাল খেলায় বালক বিভাগে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন মো. সিফাত।
অন্যদিকে বালিকা বিভাগে বাথুয়া সাবিত্রীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ছনহরা জ্যোতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা বিভাগে শ্রেষ্ঠ গোলদাতা হন সিজতা মুনতাহা আখি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, জুবায়েত খান ও বিষু দে।