
আবদুল্লাহ আল নোমানঃ
অন্তর্বর্তী সরকারের সময়কালে দেশের বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি এবার জাতীয় সংসদে জোরালোভাবে উত্থাপিত হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের দুই সংসদ সদস্য বিষয়টি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক বলেন, চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক ব্যাংক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন। তার দাবি, প্রায় ১০ হাজারের বেশি তরুণ-তরুণী এ সিদ্ধান্তের কারণে কর্মহীন হয়ে পড়েছেন, যা তাদের পরিবারসহ বৃহত্তর সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত তাদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
একই আলোচনায় চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদও একই সুরে কথা বলেন। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সময়ের সিদ্ধান্তে চাকরিচ্যুত হওয়া এসব ব্যাংককর্মীর বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করে যেসব কর্মী অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন, তাদের দ্রুত কাজে ফেরানোর ব্যবস্থা করা উচিত।
দুই সংসদ সদস্যই স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্যার সমাধান জরুরি। তারা আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগে দ্রুত একটি কার্যকর সিদ্ধান্ত আসবে, যা ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।