
ডেক্স রিপোর্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে আর নেই। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন হিসেবে দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।