
নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার নানা অনিয়ম, দালালচক্রের তৎপরতা এবং রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শনে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।
বৃহস্পতিবার(৭মে)দুপুরে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ডেলিভারি ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কয়েকজন রোগী ও স্বজন চিকিৎসাসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, হাসপাতালে দালালচক্র সক্রিয় রয়েছে এবং অনেক রোগীকে বিভিন্নভাবে প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য করা হচ্ছে।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি এনামুল হক এনাম বলেন, “সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা। এখানে কোনো ধরনের অনিয়ম, সিন্ডিকেট কিংবা রোগীদের হয়রানি বরদাশত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে এবং সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব গাজী আবু তাহের, তৌহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বদরুল খায়ের চৌধুরী, মাইনুল আলম ছোটন, আবদুল মাবুদ,ইদ্রিস পানু, পৌর যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, আক্তারুজ্জামান বাবলু, নাজিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।![]()