
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় বেড়েছে কোরবানির সরঞ্জামের চাহিদা। বিশেষ করে ছুরি, দা, বটি ও চাপাতিতে শান দিতে এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কামাররা। উপজেলার বিভিন্ন বাজার ও কামারপট্টিতে চলছে জমজমাট কর্মযজ্ঞ।
সরেজমিনে দেখা যায়, কামারের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে লোহা গরম করা, ধার দেওয়া ও নতুন ছুরি তৈরির কাজ। কোরবানির পশু জবাইয়ের জন্য অনেকে পুরোনো ছুরিতে শান দিচ্ছেন, আবার কেউ নতুন সরঞ্জাম কিনছেন।
পটিয়া নতুন থানা হাটের স্থানীয় কামার শিমুল কর্মকার বলেন,কোরবানির ঈদ এলেই আমাদের কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। মানুষ এখন ভালো মানের ধারালো ছুরি ও দা তৈরি করাচ্ছেন। বছরের এই সময়টাই আমাদের সবচেয়ে ব্যস্ত মৌসুম।
তিনি আরও বলেন, লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। তারপরও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত সরঞ্জাম তৈরির চেষ্টা করছেন তারা।
স্থানীয়রা জানান, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লেও কোরবানির সময় এখনো কামারদের তৈরি দেশীয় ছুরি ও দার কদর কমেনি। ফলে প্রতি বছরের মতো এবারও পটিয়ার কামারপট্টিগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়।
কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। পুরোনো ঐতিহ্য ধরে রেখে জীবিকার তাগিদে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এসব কারিগর।